বগুড়ার সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর উত্তরপাড়ায় চোর সন্দেহে শামীম হোসেন হত্যা মামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা এবিএম শাফিকুল ইসলাম শাফিসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁদের মধ্যে শাফির দুই ছেলে নাজমুল হোসেন কাইয়ুম ও সালাউদ্দিনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, তিন আসামির রিমান্ড আবেদন করা হলেও শাফি মেম্বারকে বাদ দিয়ে বাকি দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, চলতি বছরের ১ সেপ্টেম্বর শ্বশুরবাড়িতে বেড়াতে এসে চোর সন্দেহে হত্যার শিকার হন শামীম হোসেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় মামলা করা হয়। মামলার আসামি নাজমুল হোসেন কাইয়ুম বগুড়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।