কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ বছরের রোমানের, শোকের ছায়া পরিবারে
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে প্রাণ হারিয়েছেন মো. রোমান হোসেন (১৭) নামে এক তরুণ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের তুমুলিয়া এলাকার কামারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান স্থানীয় একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন।
নিহত রোমান হোসেন কালীগঞ্জ পৌরসভার মুনশেফপুর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। পরিবারের আর্থিক অনটন দূর করতে অল্প বয়সেই জীবিকার তাগিদে কাজে নেমেছিলেন তিনি।
নিহতের মামার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো মঙ্গলবারও মোটরসাইকেল নিয়ে ডেলিভারির কাজে বাড়ি থেকে বের হন রোমান। পথে তুমুলিয়ার কামারবাড়ি এলাকায় পৌঁছালে সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চলে আসে। এ সময় অটোরিকশাটিকে এড়াতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। পরে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রোমানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বড় ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা বিল্লাল হোসেন ও পরিবারের অন্য সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। তরুণ বয়সে পরিবারের হাল ধরতে কাজে নামা রোমানের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।
স্থানীয়দের কাছে রোমান ছিলেন পরিচিত এক তরুণ। কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় হিসেবে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে পার্সেল পৌঁছে দিতেন তিনি। পরিবারের স্বচ্ছলতা ফেরানো এবং বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তাঁর। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবনের পথচলা।
এ দুর্ঘটনা আবারও সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার বিষয়টি সামনে এনেছে। স্থানীয়দের মতে, সড়কে যানবাহন চলাচলে সতর্কতা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় কার্যকর নজরদারি জোরদার করা প্রয়োজন, যাতে রোমানের মতো আর কোনো তরুণকে কালে প্রাণ হারাতে না হয়।