আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলার ১ নং ফুলসারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা এম ফারুক আহমেদ। তিনি চৌগাছা উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি ফুলসারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী এম ফারুক আহমেদের সাথে উপস্থিত ছিলেন ফুলসারা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি শ্রী প্রণব বাবু।
মতবিনিময় সভায় শ্রী প্রণব বাবু বলেন, ফুলসারা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও তরুণ সমাজকে মাদকমুক্ত করতে তরুণ সমাজসেবক এম ফারুক আহমেদের বিকল্প নেই। সাবেক এই ছাত্রনেতা ওয়ার্ডের সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে ১ নং ফুলসারা ইউনিয়নের সার্বিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।