মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর ইউসুফ সফর আলী দাখিল মাদ্রাসার পরিচালনা ও অভিভাবক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব এবং কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফ মজুমদার।
বুধবার (১৯ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রহিমানগর ইউসুফ সফর আলী দাখিল মাদ্রাসার চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে মোঃ শরীফ মজুমদারকে মনোনীত করা হয়েছে।
মোঃ শরীফ মজুমদার কচুয়া উপজেলার ১১ নং ইউনিয়নের কৃতী সন্তান। তিনি জেলা বিএনপির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম মনজুর আহমেদ সেলিমের ছোট ভাই।
দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
শিক্ষাজীবনে তিনি হাজীগঞ্জের ঐতিহ্যবাহী দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) এবং চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় মোঃ শরীফ মজুমদার বলেন, দায়িত্ব পাওয়া মানে শুধু একটি পদে অধিষ্ঠিত হওয়া নয়; বরং সামাজিক ও মানবিকভাবে অবদান রাখার একটি সুযোগ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ভাইয়ের পরামর্শ এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুন নাহার বেবি আপার দিকনির্দেশনায় মাদ্রাসার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য তিনি কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।
এদিকে, মোঃ শরীফ মজুমদার মাদ্রাসার সভাপতি মনোনীত হওয়ায় রহিমানগরসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য শাহাদাত হোসাইন, অভিভাবক সদস্য মোঃ এমরান হোসেন এবং মাদ্রাসার সুপার, পদাধিকারবলে সদস্যসচিব।