দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা, পূজামণ্ডপ পরিদর্শনে মহাপরিচালক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা, পূজামণ্ডপ পরিদর্শনে মহাপরিচালক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা, পূজামণ্ডপ পরিদর্শনে মহাপরিচালক..
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা, পূজামণ্ডপ পরিদর্শনে মহাপরিচালক..
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।..

এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার দেন মহাপরিচালক। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।

পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনা করেন তিনি।

নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার

মহাপরিচালক বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা হচ্ছে।

তিনি জানান, এবারের পূজায় বিভিন্ন পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে সমন্বিত ও তাৎক্ষণিক সাড়াদানের ব্যবস্থা নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করেছে।

মহাপরিচালক আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত পূজামণ্ডপগুলোও আনসার-ভিডিপির নিজস্ব মনিটরিং টিমের নিবিড় তদারকির আওতায় রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন পর্যায়ের পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ

দায়িত্ব পালনরত সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশ দেন মহাপরিচালক।

তিনি বলেন, উসকানি, গুজব কিংবা অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

নিরাপত্তার পাশাপাশি মানবিক সেবায় আনসার-ভিডিপি

দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবামূলক কার্যক্রমেও আনসার-ভিডিপি সদস্যরা ভূমিকা রাখছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূজামণ্ডপে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, বয়স্ক দর্শনার্থীদের সহযোগিতা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সদস্যরা কাজ করছেন।

এ ছাড়া কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, নারীকে উত্ত্যক্ত করার ঘটনা মোকাবিলা এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায়ও তাঁরা দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সেবা প্রদানের মাধ্যমে দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ সুরক্ষায় বাহিনীটি কাজ করছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator