বাংলাদেশ পুলিশের আইজিপির তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ এর আওতায় এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী পুলিশ পরিবারের সন্তান আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার মেধাভিত্তিক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। ইফতি সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরের (মধ্যপাড়া ভরমোহনী) সন্তান। তার বাবা আ.ফ.ম. ইফতেখারুল ইসলাম বর্তমানে পাবনায় পুলিশ পরিদর্শক (শহর ও যান) হিসেবে কর্মরত।
এ অর্জন উপলক্ষে বৃহস্পতিবার জেলা পুলিশ পাবনার আয়োজনে পুলিশ লাইন মিলনায়তনে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতি বিন ইফতেখারের হাতে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএফ) আরজুমা আকতার সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছেলের এমন কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করে পুলিশ পরিদর্শক আ.ফ.ম. ইফতেখারুল ইসলাম বলেন, আমার ছেলে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির জন্য নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। যাদের সহযোগিতায় এই অর্জন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সে যেন ভবিষ্যতেও এই সাফল্য ধরে রেখে একজন আদর্শ মানুষ হতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।
তিনি আরও যুক্ত করেন, বাংলাদেশ পুলিশের এ ধরনের সম্মাননা ও বৃত্তি প্রদান আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের মনোবল বাড়াতে বড় ভূমিকা রাখবে।