আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা,আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
সভায় পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন,দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়,সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় বিশেষভাবে মাদক,ইভটিজিং,ছিনতাই, জুয়া ও হাউজি নিয়ন্ত্রণে কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপে আতশবাজি ও পটকা ফুটানো নিয়ন্ত্রণ,কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ না করা এবং গভীর রাতে উচ্চস্বরে ডিজে বা শব্দযন্ত্র ব্যবহার না করার বিষয়ে আয়োজকদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
মসজিদসংলগ্ন পূজামণ্ডপে আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার পাশাপাশি গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে অনুষ্ঠান না করার আহ্বান জানানো হয়। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে উৎসব উদযাপনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় পূজামণ্ডপ,প্রতিমা নির্মাণ ও সংরক্ষণস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের পরিচয়পত্র ও দৃশ্যমান আর্মব্যান্ড দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া কোনো পূজামণ্ডপ বা পূজা কমিটিকে কেন্দ্র করে বিরোধ,গ্রুপিং কিংবা অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলে তা পূজার আগেই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার,ধর্মীয় কটূক্তি,উসকানিমূলক বক্তব্য, ছবি বা ভিডিও এবং ফেইক আইডির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের গুজব বা অপপ্রচার চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর পাশাপাশি নিজেরা আইন হাতে না নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান;সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু; জেলা বিশেষ শাখার ডিআইও-১; টিআই (প্রশাসন) কামরুল হাসান;জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ,এসআরবি, ৪৬, ৫২ ও ৫৫ বিজিবির প্রতিনিধি,জেলা আনসার-ভিডিপির প্রতিনিধি এবং মৌলভীবাজার জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।