ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি..

Md Ashik Sardder avatar   
Md Ashik Sardder
ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি..
ডেমরায় কুখ্যাত ‘জাল তাহের’ ও তার দুই ছেলে গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি..
ছবি: সংগৃহীত
****

নিজস্ব প্রতিবেদক / ডেমরা প্রতিনিধি:

রাজধানীর ডেমরায় সাধারণ মানুষের জমি দখল, ভুয়া দলিল তৈরি এবং মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া কুখ্যাত ভূমি দস্যু ও দলিল জালিয়াত চক্রের মূলহোতা আবু তাহের ওরফে ‘জাল তাহের’ (৬০) এবং তার দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (৭ অক্টোবর, ২০২৬) ডেমরা থানার ডগাইর পূর্বপাড়া মদিনাবাগ (গ্রীন সিটি) এলাকায় এক যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি চৌকস দল এই যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত অন্য দুই আসামি হলেন—আবু তাহেরের দুই ছেলে আবু জাহের এবং শাহরিয়ার সুজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আবু তাহের এলাকায় একজন শীর্ষ ভূমি দস্যু হিসেবে পরিচিত। এই চক্রটি দীর্ঘদিন ধরে ডেমরা ও আশপাশের এলাকায় বিভিন্ন কাল্পনিক ও বানোয়াট ব্যক্তির নামে ভুয়া দলিল তৈরি করত। পরবর্তীতে সেই জাল দলিলের ওপর ভিত্তি করে জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধে মিথ্যা দেওয়ানি ও ফৌজদারি মামলা ঠুকে দিত। মামলা থেকে বাঁচতে এবং সমঝোতার নামে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের মূল ব্যবসা।

অনুসন্ধানে জানা যায়, ‘জাল তাহের’ গ্রুপ গত কয়েক দশক ধরে অত্যন্ত সুসংগঠিতভাবে বিভিন্ন সরকারি দপ্তরের নথিপত্র জালিয়াতি করে আসছিল। তারা ভুয়া ওয়ারিশ সনদ তৈরি, সদর রেকর্ড রুমে গিয়ে বালাম বইয়ের মূল পৃষ্ঠা পরিবর্তন, সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর জাল এবং জাল দলিলের সহিমোহর নকল সরবরাহ করার মতো ভয়ংকর সব অপরাধের সাথে জড়িত।

এদিকে, ডেমরার ডগাইর পূর্বপাড়া থেকে এই কুখ্যাত চক্রের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি নেমে আসে। এলাকাবাসী এই জালিয়াতি চক্রের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator