সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
নিরাপত্তা জোরদারের কারণ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। যেখানে প্রধান বিচারপতিসহ উভয় বিভাগের বিচারপতিরা বিভিন্ন ভবনের কোর্টরুমে বিচারকাজ পরিচালনা করে থাকেন। ফলে প্রধান বিচারপতি, বিচারপতি এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে যে, রাতের বেলা সুপ্রিম কোর্ট এলাকায় কিছু অপ্রত্যাশিত ও অনধিকারপ্রবেশকারী ব্যক্তির চলাচল বাড়ছে, যা সার্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। বিচারঙ্গনের এই স্পর্শকাতর এলাকার নিরাপত্তা জোরদার করার জন্যই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
জরুরি প্রবেশে মানতে হবে যে নিয়ম
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে জরুরি প্রয়োজনে কাউকেও সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অফিসিয়াল পরিচয়পত্র আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে। সর্বোচ্চ আদালতের এই নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।