সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মোঃ শাহাদৎ হোসেন (৪১) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছোনগাছা কারিগরি স্কুলের পেছনে, বলিদহ মোড়ের আনুমানিক ২০০ মিটার পশ্চিমে রাস্তার পাশের একটি ঘাসখেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদৎ হোসেন সদর উপজেলার চিলগাছা গ্রামের মোঃ শাহাজান শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে বর্তমানে খোকশাবাড়ী হাসপাতালের পূর্ব পাশে বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শাহাদৎ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে ৩ অক্টোবর (শনিবার) সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে তাঁর পরিবার। নিখোঁজের সংবাদে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।
“পরিবারের একমাত্র ভরসা অটোচালক শাহাদৎ হোসেন নিখোঁজ” শিরোনামে দৈনিক সবুজ বাংলাদেশে সংবাদ প্রকাশের পর তদন্ত ও উদ্ধার কার্যক্রম আরো জোরদার করে থানা পুলিশ।
অবশেষে তদন্ত চলাকালেই স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ছোনগাছা কারিগরি স্কুলের পেছনের ঘাসখেত থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাই বা অন্য কোনো শত্রুতার জেরে তাঁকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হতে পারে।
এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।