মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কদমহাটা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ আশফাক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আহসান আক্তার দোলন।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন,কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা সম্ভব। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের কল্যাণে তাদের মেধা কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,কৃতী শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।