বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপরাধবিষয়ক সাংবাদিকদের ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়। দেশে সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।
আন্দালিব রহমান বলেন, তিনি সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব কতটা পালন করতে পারবেন, তা সময়ই বলে দেবে। তবে সবকিছু একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করতে হবে।
সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সাংবাদিকরা তার সঙ্গে সরাসরি এসে কথা বলতে পারবেন। রাজনৈতিক পটভূমির মানুষ হিসেবে সাংবাদিকদের সমস্যাগুলো তিনি সহজেই উপলব্ধি করতে পারেন বলেও উল্লেখ করেন।
পুরোনো ব্যবস্থা সংস্কার বড় চ্যালেঞ্জ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর ও সংস্থার প্রতিটির প্রতি তার দায়িত্ব রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে একটি ব্যবস্থা যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে সবকিছুকে পুনরায় সঠিক ধারায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, খালি জায়গায় নতুন ভবন নির্মাণ করা সহজ। কিন্তু পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কার করে দাঁড় করানো অনেক বেশি কঠিন।
সাংবাদিকদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করে আন্দালিব রহমান বলেন, প্রয়োজন মনে হলে সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই মিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। সরকার সাংবাদিকদের পাশে রয়েছে বলেও জানান তিনি।
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
'Eye News BD' ऐप
टिप्पणियाँ 0