রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিন এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজা, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণের বিষয়ে নির্দেশনা দেন।
পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের পলাতক ও পতিত নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
সভায় যারা উপস্থিত ছিলেন
মতবিনিময় সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে নগর নির্বাচনের প্রস্তুতিতে আনুষ্ঠানিকভাবে মাঠে নামার বার্তা দিল এনসিপি।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0