বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে বনানী ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজনকে আটক করার পর তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামসংযুক্ত হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ এবং একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তার মো. মাসুদ রানা র্যাবের একজন সৈনিক। তিনি র্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে কর্মরত।
ঘটনার বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। বৃহস্পতিবার সকালে ডিবি মাসুদ রানাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে র্যাবের পক্ষ থেকে একজন মেজরের নেতৃত্বে একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদটি বিষয়টি অনুসন্ধান করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কোথায় এবং অতীতে তারা কোনো অপরাধে জড়িত ছিলেন কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
সূত্র: ডিবি ও র্যাব
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0