অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ ফিরোজের বিরুদ্ধে

****
Поделиться в Eidok
অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ ফিরোজের বিরুদ্ধে
Фото: из открытых источников

রাজশাহী প্রতিনিধি: একসময় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রাজশাহীর বাগমারার ফিরোজুল ইসলাম ফিরোজ। কয়েক বছরের ব্যবধানে তার জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। গড়ে তুলেছেন ডুপ্লেক্স বাড়ি, ব্যবহার করছেন বিলাসবহুল গাড়ি। পাশাপাশি কোটি কোটি টাকার ব্যবসা ও এনজিও পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পলাতক নেতাকর্মীদের আশ্রয়, গোপন বৈঠক এবং সাংগঠনিক তৎপরতায় ফিরোজ সক্রিয় হয়েছেন—এমন অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সংশ্লিষ্টরা। এ কারণে অটোরিকশাচালক থেকে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠা ফিরোজকে বাগমারায় আওয়ামী লীগ পুনর্বাসনের নেপথ্যের অন্যতম কারিগর হিসেবে দাবি করছেন তারা।

অভিযোগ রয়েছে, রাজশাহী জেলা ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার দিকনির্দেশনায় ফিরোজ সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। বাগমারার বাইরে সাভারে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে পলাতক নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের পক্ষ থেকে তার কাছে বিপুল অঙ্কের তহবিল আসছে বলেও অভিযোগ উঠেছে।

গত ১২ আগস্ট ফিরোজের মালিকানাধীন ‘বাগমারা সবুজ বাংলা লি.’ নামের এনজিও কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, ওই বৈঠকে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টুর ব্যক্তিগত সহকারী সাজেদুর রহমান, আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত শহিদুল ইসলাম শহিদ, সাবেক এমপি আবুল কালাম আজাদের সহযোগী আমজাদ হোসেন এবং ছাত্রলীগকর্মী রেজোয়ান ও রাসেল।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফিরোজ কিছুদিন আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি সাভারে বাড়ি ভাড়া নিয়ে নিজে থাকার পাশাপাশি বাগমারা থেকে পালিয়ে যাওয়া কয়েকজন নেতাকর্মীকে আশ্রয় দেন বলে স্থানীয়দের দাবি। পরে এলাকায় যাতায়াত শুরু করে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

স্থানীয়দের আরও দাবি, ফিরোজের সঙ্গে বর্তমানে সাংগঠনিক কার্যক্রমে রয়েছেন ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জলিল মাস্টার, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মালেক মণ্ডল এবং তাহেরপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ কয়েকজন নেতা।

এদিকে ঝিকরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ফিরোজ—এমন দাবিও করেছেন স্থানীয়রা। তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও সাংগঠনিক তৎপরতা ও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে।

নেতাকর্মীদের মনোবল চাঙা রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ফেসবুক পেজ খোলা হয়েছে বলেও জানা গেছে। এর মধ্যে ‘বাগমারা উপজেলা যুবলীগ’ নামের একটি পেজ রয়েছে। স্থানীয়দের দাবি, পেজটি যুবলীগ নেতা সোহেল রানা নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।

পুলিশের বক্তব্য

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ১২ আগস্ট গোপন বৈঠক চলাকালে ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ জুলাই ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও বলেন, ফিরোজের যেসব সহযোগী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পদ নিয়ে তদন্তের দাবি

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঝিকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান রতন ফিরোজের বিপুল সম্পদের উৎস তদন্তের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, ফিরোজ ক্যাসিনো ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন।

রতনের দাবি, ১৫ আগস্ট বাগমারাজুড়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। তবে তার আগেই ফিরোজ গ্রেপ্তার হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

তবে ফিরোজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার Другой নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার 50 Views নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ Другой নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ 60 Views যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী Другой যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী 45 Views কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় Другой কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় 44 Views আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন Другой আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন 74 Views আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল Другой আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল 33 Views পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন Другой পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 54 Views