ঢাকার যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে রিকশাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, ঢাকা শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা ওই এলাকার মধ্যেই চলাচলের ব্যবস্থা করা হবে। প্রয়োজন অনুযায়ী দিন ও সড়কভিত্তিক বিধিনিষেধও আরোপ করা হতে পারে।
তিনি বলেন, “ডেমরার একটা রিকশা কোনোভাবেই নিউ মার্কেটে যেতে পারবে না।” অঞ্চলভেদে রিকশা চলাচলের পাশাপাশি কিছু সড়কে নির্দিষ্ট সময় বা পুরোপুরি রিকশা চলাচল বন্ধ রাখার ব্যবস্থাও করা হবে।
লাইসেন্স ছাড়া রিকশা চলবে না
ডিএসসিসি প্রশাসক জানান, লাইসেন্স ছাড়া কেউ ঢাকায় রিকশা চালাতে পারবেন না। কেরানীগঞ্জ বা ডেমরাসহ অন্য এলাকা থেকে রিকশা নিয়ে এসে নির্বিচারে ঢাকার বিভিন্ন এলাকায় চলাচলের সুযোগও থাকবে না।
উত্তর সিটি কর্পোরেশন এলাকার রিকশাও দক্ষিণ সিটি এলাকায় অবাধে চলাচল করতে পারবে না—এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ব্যাটারিচালিত রিকশায় বাড়ছে চাপ
ডিএসসিসির দাবি, বর্তমানে ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা উল্টো দিকসহ নানা অনিয়মে চলাচল করছে। অনেক চালক ট্রাফিক আইন ও সড়ক চলাচলের শৃঙ্খলা মানছেন না। এতে নগরীর যানজট আরও বাড়ছে।
প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের ঢাকামুখী প্রবেশও নগরের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে মন্তব্য করেন আব্দুস সালাম।
বাস চলাচলেও শৃঙ্খলা আনার উদ্যোগ
রিকশার পাশাপাশি বাস চলাচলেও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। যত্রতত্র বাস থামানো এবং যাত্রী ওঠানামা বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাস থামানো ও যাত্রী ওঠানোর ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
ডিএসসিসি প্রশাসক আশা প্রকাশ করেন, পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার পরিবহন ব্যবস্থা আরও শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে।
আসছে ই-রিকশা ব্যবস্থাপনা নীতিমালা
এদিকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নীতিমালার আওতায় ই-রিকশার লাইসেন্সিং ও নিবন্ধন ব্যবস্থা চালু করা হলে যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঢাকাকে বাসযোগ্য ও শৃঙ্খলাপূর্ণ নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
'Eye News BD' ऐप
टिप्पणियाँ 0