বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, অতিরিক্ত বিলের বিষয়ে কোনো নাগরিকের অভিযোগ থাকলে প্রথমে নিকটস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দিতে হবে। অভিযোগ গ্রহণ না করা হলে বা প্রতিকার না মিললে সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
তিনি বলেন, অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ নতুন নয়। এর আগেও এ ধরনের অভিযোগ এসেছে এবং সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই অভিযোগের ক্ষেত্রে কোথায়, কী ধরনের সমস্যা হয়েছে, তা নির্দিষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান জানান, এ বিষয়ে তিনি জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। মন্ত্রণালয় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করতে আগ্রহী এবং সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বিদ্যুৎ বিভাগও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য বা গুজব ছড়ালে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিভাগটি।
Aplikasi 'Eye News BD'
Komentar 0