কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, প্রসাধনী এবং ফুচকা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
মঙ্গলবার (০৩ মার্চ) রাতে পরিচালিত পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৯ লক্ষ ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সি-এর উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত এই দল চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালায়। এসময় ট্রেন থেকে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, ফুচকা এবং প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
একই রাতে আদর্শ সদর উপজেলার পালপাড়া এবং জোড়া ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালায় ১০ বিজিবি-এর বিশেষ টহল দল। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৯৫ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি আটক করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই নিয়মিত ও যৌথ টাস্কফোর্স অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত বিধি অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।