যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

Noor Islam avatar   
Noor Islam
যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
যশোরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।..
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা ও স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক মো. শরিফুল ইসলাম (৫৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে মনিরামপুর সরকারি কলেজ সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক শরিফুল ইসলাম সাংগঠনিক কর্মসূচি শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনিরামপুর কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনের একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহত চিকিৎসক মো. শরিফুল ইসলাম উপজেলার ৯ নম্বর ঝাপা ইউনিয়নের ঝাপা গ্রামের বাসিন্দা। ব্যক্তিজীবনে তিনি একজন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা, মনিরামপুর উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
তিনি বলেন, চিকিৎসক শরিফুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সমাজসেবক। ইসলামী আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
 
উল্লেখ্য, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝাপা ইউনিয়ন থেকে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন চিকিৎসক শরিফুল ইসলাম। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনতা তার বাড়িতে ভিড় করেন।
Keine Kommentare gefunden


News Card Generator