খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্য দিবালোকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও শ্রমিক সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বেলা পৌনে বারোটার দিকে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে খুলনাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে ঘাতকরা যেন দেশের সীমান্ত পার হয়ে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
যশোরের বেনাপোল সীমান্তকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের টহল ও গোয়েন্দা তৎপরতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত দীর্ঘ ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে। বিজিবি সূত্র জানিয়েছে, বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই বা যে এলাকাগুলো দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বেশি, সেই পয়েন্টগুলোকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কোনো অপরাধী যেন সীমান্ত এলাকাকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইসিপি, সাদীপুর, পুটখালী ও গোগার মতো সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই প্রতিটি যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। রাজনৈতিক নেতার ওপর এই হামলার মোটিভ উদ্ধার এবং জড়িতদের দ্রুত শনাক্ত করতে স্থানীয় পুলিশ ও বিজিবি সমন্বয় করে কাজ করছে। সীমান্তে এই কড়াকড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Application « Eye News BD »
commentaires 0