'নিঃস্ব' দাবি করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ভল্ট থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ স্বর্ণালংকার।
একসময়ের জনসভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে শোনা যেত ‘নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই’—এই আবেগঘন উক্তি। কিন্তু ক্ষমতা থেকে বিদায়ের পর সেই বক্তব্যের আড়ালে লুকিয়ে থাকা বিপুল সম্পদের রহস্য একে একে উন্মোচিত হচ্ছে। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যূত হওয়ার পর তার বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ফিরিস্তি এখন প্রকাশ্যে আসছে।
সর্বশেষ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের একটি ভল্ট থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার জব্দ করেছে। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সংরক্ষিত দুটি ভল্ট ভাঙার পর ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। এই স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ কোটি ৬৪ লাখ টাকা (প্রতি ভরি দুই লাখ টাকা হিসাবে)।
সিআইসির একজন কর্মকর্তা নিশ্চিত করেন যে গত ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ভল্ট দুটি জব্দ করা হলেও, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত জটিলতার কারণে এত দিন তা খোলা সম্ভব হয়নি। অবশেষে আদালতের বিশেষ অনুমতি নিয়ে গতকাল ভল্ট নং ৭৫১ এবং ৭৫৩ খোলা হয় এবং এই সম্পদ উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া স্বর্ণালংকার ছাড়াও ভল্টে কিছু রাষ্ট্রীয় উপহারসামগ্রী পাওয়া গেছে। এগুলো তোশাখানায় জমা না দিয়ে ব্যক্তিগত লকারে রাখা হয়েছিল, যা আইনের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন আরেকটি মামলার প্রস্তুতি চলছে বলে ওই কর্মকর্তা জানান। এর আগে গত ১০ সেপ্টেম্বর মতিঝিলের পূবালী ব্যাংকের একটি শাখায়ও শেখ হাসিনার নামে থাকা লকার জব্দ করা হয়েছিল।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0