মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের অনিয়ম-দুর্নীতির অভিযোগের কপি সাংবাদিকদের কাছে পৌঁছানোর সন্দেহে প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাসকে শোকজ করেছেন অধ্যক্ষ মোহন মিয়া।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া নোটিশে তাঁকে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিশে অভিযোগের কপি সাংবাদিকদের কাছে পাঠানোকে শৃঙ্খলাভঙ্গ এবং সরকারি চাকরি বিধিমালা, ২০১৮-এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর কাছে অভিযোগ দেওয়া হয়েছিল। সেটি সাংবাদিকদের কাছে যাওয়ার কথা নয়। সংশ্লিষ্ট আইন তাঁর নিজস্ব তৈরি বলেও মন্তব্য করেন তিনি।
তবে শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস বলেন, তিনি কোনো সাংবাদিকের কাছে তথ্য দেননি। প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে আগে অভিযোগ করলেও তার তদন্ত না করে উল্টো তাঁদের শোকজ করা হচ্ছে।
এ বিষয়ে অধ্যক্ষ মোহন মিয়ার বক্তব্য জানতে একাধিকবার ফোন ও মেসেজ দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহে সুশাসন নিশ্চিত করতে সহায়তা হয়। এ ক্ষেত্রে শোকজ করার কী রয়েছে, তা বোধগম্য নয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে। প্রায় এক বছর ধরে নিজস্ব তহবিল থেকে ভাতা বন্ধ এবং মার্কেটের ৩০-৪০টি দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আয় কম দেখানোর অভিযোগ রয়েছে। এ ছাড়া আয়-ব্যয়ের হিসাব না দেওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0