উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম জানান, গত বছর পরীক্ষামূলকভাবে শূন্য কর্ষণে সরিষা চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় এবার ব্যাপকভাবে বিস্তৃতি পেয়েছে। আমন ধান পেকে গেলে ধান কাটার পাঁচ দিন আগে ভেজা জমিতে বীজ ছিটিয়ে দিলেই সহজে অঙ্কুরোদ্গম হয়। ধান কাটার সময় স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যাওয়ায় বাড়তি খরচও হয় না।
তিনি আরও বলেন, এবার কৃষকেরা মূলত বারী-১৪ জাতের সরিষা চাষ করছেন। প্রতি বিঘায় প্রয়োজন মাত্র ১ কেজি বীজ। উপজেলায় মোট ৮১০ জন কৃষক ভর্তুকিতে বীজ পাচ্ছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বজলার রহমান জানান, বামনিয়া ইউনিয়নে প্রতি ব্লকে ৫ হেক্টর করে ক্লাস্টার আকারে শূন্য কর্ষণে সরিষা চাষ হচ্ছে। খরচ কম, উৎপাদন ভালো, সময়মতো বপন—সব মিলিয়ে জমি দুই ফসলি থেকে তিন ফসলিতে রূপান্তরিত হয়েছে। গত বছরের সাফল্যের পর এবার পুরো উপজেলাজুড়ে কৃষকদের এই পদ্ধতিতে চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষকদের ভাষ্য—শূন্য কর্ষণ পদ্ধতিতে উৎপাদন খরচ ৪০ শতাংশ পর্যন্ত কমে আসে, শ্রমও কম লাগে এবং জমি দ্রুত কাজে লাগানো যায়। তাদের আশা, এ পদ্ধতি অব্যাহত থাকলে ডোমারে সরিষার উৎপাদন আরও বাড়বে।
'আই নিউজ বিডি' অ্যাপ
注释 0