যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া লেবুগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আকুঞ্জির বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির কয়েকজন ছাত্রী তার অনৈতিক আচরণের শিকার হয়েছে বলে অভিভাবকরা দাবি করেছেন।
ঘটনার জেরে ৫ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। তারা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়।
পরদিন ৬ নভেম্বর এক ভুক্তভোগী ছাত্রীর মা অভয়নগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ— এমন অভিযোগ করেছেন ওই অভিভাবকসহ স্থানীয়রা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক গোলাম মোস্তফা আকুঞ্জির বিরুদ্ধে অনৈতিক আচরণের গুঞ্জন থাকলেও কেউ প্রকাশ্যে বলতে সাহস পাননি। এবার অভিভাবকরা একত্রিত হয়ে বিষয়টি প্রকাশ্যে আনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে পুরো এলাকায়।
"Eye News BD" app
Mga komento 0