বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির বলেছেন, জামায়াত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন প্রহরীর ভূমিকা পালন করছে। তিনি দাবি করেন, জনগণের কল্যাণমুখী কার্যক্রমে আজ জামায়াত জনগণের ভালোবাসা ও সমর্থন পাচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক জুড়ে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সবুর ফকির বলেন, এ দেশের মানুষ বুঝতে পারছে যে দেশের স্বাধীনতা রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তিনি স্লোগান তোলেন, "সব দেখা শেষ; এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।"
তিনি বলেন, আগামী নির্বাচনকে পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত রাখতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবিলম্বে এই যৌক্তিক ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো: ১. জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। ২. পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন করা। ৩. অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ও তাদের বিচারের মুখোমুখি করা।
তিনি জোর দেন, এই ৫ দফা দাবি বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হবে এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা পাবে।
মানববন্ধনে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন সভাপতিত্ব করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।