কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার কালোচো থেকে ডুমুরিয়া বিশ্বরোডে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। সড়কের একটি অংশে সুরমা পরিবহনের গাড়ি অবস্থান করায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এটি প্রতিদিনের ঘটনা।
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে কালোচো থেকে ডুমুরিয়া বিশ্বরোড পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে দীর্ঘ সময় ধরে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। সড়কে আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, সুরমা গাড়ির নির্দিষ্ট জায়গা না থাকায় অবৈধভাবে প্রায় অর্ধশত গাড়ি সড়কে অর্ধেক জুড়ে রাখায় হয় । ফলে বাকি অর্ধেক দিয়ে দুইটি গাড়ি আসা-যাওয়া কোনমতেই সম্ভব নয় যার ফলে প্রতিনিয়ত এই যানজটের সৃষ্টি হয় । এর ফলে সড়কের দু'পাশের মাটি ভেঙ্গে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে, সড়কের সৃষ্ট সংকট নিরসনে চাঁদপুর সড়ক বিভাগ থেকে সুরমা পরিবহনের গাড়ির মালিক কর্তৃপক্ষকে ১১ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পার হওয়ার পরও কোন ব্যবস্থা নেয়নি সুরমা গাড়ির মালিক সমিতি কর্তৃপক্ষ। এ বিষয়ে মালিক সমিতির কোন বক্তব্য পাওয়া যায়নি।