আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্টে ড. আসিফ নজরুলের সাহসী ভূমিকা স্মরণ করলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) এক আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও তৎকালীন ছাত্রনেতা রাশেদ খান। সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মানবিক ও সাহসী ভূমিকার কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।
রাশেদ তার পোস্টে লেখেন, “আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচির আয়োজন করছি শুনে ড. আসিফ নজরুল স্যার আমাকে কল করে বলেন, ‘রাশেদ, আমি তোমাদের সাথে প্রতিবাদে যোগ দিতে চাই।’ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি, তখন যে’কজন শিক্ষককে সবসময় পাশে পেয়েছি, তাদের একজন ছিলেন তিনি।”
রাশেদ আরও লেখেন, “অনেক শিক্ষক সেই সময় ‘শিবির’ তকমার ভয় পেয়ে প্রতিবাদে অংশ নিতে দ্বিধায় ছিলেন। কিন্তু আসিফ নজরুল ছিলেন ব্যতিক্রম। কল্পনা করুন, পুরো মিছিলে সবাই শিক্ষার্থী, কিন্তু একজন মাত্র শিক্ষক—তিনি আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুল একজনই ছিলেন, এখনো একজনই আছেন।”
২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে তার নিজ হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন সদস্য। হত্যার দুই দিন আগে, অর্থাৎ ৫ অক্টোবর, আবরার ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু ‘অন্যায্য চুক্তি’ নিয়ে সমালোচনামূলক পোস্ট দেন ফেসবুকে। সেই পোস্টকেই কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে জেরা ও হত্যার অভিযোগ ওঠে।
আবরারের মৃত্যু দেশের সর্বস্তরে ক্ষোভের ঝড় তোলে। বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ ও বিচার দাবিতে দীর্ঘ আন্দোলন। সেই আন্দোলনের সামনের সারিতেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি তখন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবিতে কণ্ঠ মিলিয়েছিলেন।
আবরার হত্যার পরের দিনগুলোতে তাঁর সাহসী ভূমিকা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। অনেক শিক্ষক যেখানে নিরব থাকাকে নিরাপদ ভেবেছিলেন, সেখানে আসিফ নজরুল প্রতিবাদকে বেছে নিয়েছিলেন। রাশেদ খান সেই সাহসিকতা ও মানবিক অবস্থানকেই নিজের পোস্টে তুলে ধরেন আবেগের সঙ্গে।
ফেসবুকে রাশেদের এই পোস্ট ইতিমধ্যে বহু শিক্ষার্থী, সাবেক আন্দোলনকারী ও সাধারণ মানুষ শেয়ার করেছেন। অনেকেই মন্তব্যে লিখেছেন—“এই মানুষগুলোই সমাজের আসল শিক্ষক”, “আবরারের জন্য এখনো চোখে পানি আসে”, “ড. আসিফ নজরুল ছিলেন আলোর প্রতীক”।
ছয় বছর পার হয়ে গেলেও আবরার ফাহাদের হত্যার স্মৃতি আজও তরুণ সমাজকে নাড়া দেয়। সেই স্মৃতিতে আবারও উঠে এলেন একজন সাহসী শিক্ষক, যিনি অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়াতে ভয় পাননি।
App „Eye News BD“
Bemerkungen 0