ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে ডিবির এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে একটি বিশেষ টিম সোর্সের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাশপট্টি মোড়ে রাজাপুর হোটেলের সামনে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ সুজন রহমান (৪৩) ও মোঃ সৈয়দ নাজমুল হক রাসেল (৩১) কে আটক করা হয়।
অভিযানের সময় সুজন রহমানের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৫ গ্রাম) এবং নাজমুল হক রাসেলের লুঙ্গির ভাজ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৬ গ্রাম) উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার ওজন ডিজিটাল পরিমাপক যন্ত্রে মাপা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।