ভোলা জেলার মনপুরা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন স্থানীয় এক যুবক মোঃ আব্দুল খালেক (২২)
পেশায় তিনি ছিলেন একজন জেলে। দৈনিক মজুরি ভিত্তিতে স্থানীয় মাঝির নৌকায় কাজ করতেন।
কয়েকদিন আগে খালেককে মাছ ধরতে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন স্থানীয় দুই যুবক আশিক ও ইব্রাহিম। কিন্তু খালেক মাছ ধরতে যেতে রাজি হয়না, এ নিয়ে আশিক ও ইব্রাহিমের সাথে বাকবিতন্ডা হয় খালেকের এবং একপর্যায়ে আশিক ও ইব্রাহিম খালেককে বেদম মারধর শুরু করেন।
এরপরে মার খেয়ে শারীরিকভাবে আহত খালেক ন্যায়বিচারের আশায় স্থানীয় নৌবাহিনীর ক্যাম্পে যান। সেখান থেকে তাকে পরিবারসহ আসতে বলা হলেও, আসামি পক্ষ প্রভাব খাটিয়ে কোনো সালিশে বসেনি।
এবং স্থানীয় গণ্যমান্য বাক্তিরাও এর কোন সমাধান করেননি,
ফলে সঠিক বিচার না পেয়ে রাগে ক্ষোভে ও মানসিক চাপে পড়ে খালেক বিষপান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও অর্থাভাবে সঠিক চিকিৎসা হয়নি। গত ৮ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত খালেকের পরিবার জানায়—এতকিছু হওয়ার পরও আশিক ও ইব্রাহিমের পরিবার কোনো খোঁজখবর নেয়নি।
খালেকের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন-
আমি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করি,
আমার ছেলের মৃত্যুর জন্য মারধর করা দুই অপরাধীসহ ওর পরিবারও দায়ী, সঠিক বিচার পেলে হয়তো আজকে এদিন দেখতে হতো না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হলেও অভিযুক্ত আশিক ও ইব্রাহিম এখনো পলাতক।
এমনকি এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মেম্বারকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
স্থানীয়দের একটাই দাবি-
ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।