ঢাকা জেলার ডিসি কাপ আন্তঃউপজেলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা দল। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে হারায় ধামরাইকে।
পুরো ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে হিমেল কেবল ম্যাচসেরা নন, পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।
খেলা শেষে জেলা প্রশাসক তানভীর আহমেদ বিজয়ী কেরানীগঞ্জ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ ধামরাই দলের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টের সেমিফাইনালে কেরানীগঞ্জ হোম-অ্যাওয়ে দুই পর্বে সাভারকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে, আটি ভাওয়াল মাঠে দোহারের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ধামরাই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কেরানীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার এবং ধামরাই যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিবসহ আরও অনেকে।