ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে র্যাব-১১ এর একটি আভিযানিক দল মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন বরিশালের কাজিরহাট উপজেলার গদিকাটা এলাকার মো. ইমরান (২৩), বাগেরহাট জেলার কচুয়া থানার মঘিয়া গ্রামের আলমগীর (২৫) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার শাহ দৌলতপুর এলাকার বাসিন্দা মাসুম (২৮)। ইমরান পিকআপের চালক, আলমগীর হেলপার এবং মাসুম মোটরসাইকেল চালক।
র্যাব আরও জানায়, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তারা পরস্পর যোগসাজশে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার আশপাশে এলাকায় সরবরাহ করে। ইমরান ও আলমগীর পিকআপ ভ্যানে গাঁজা বহন করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে মাসুম মোটরসাইকেল নিয়ে সামনের দিক নির্দেশনা দিচ্ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
জব্দ করা গাঁজার পরিমাণ ৩০ কেজি ৫০০ গ্রাম। জব্দ করা গাঁজা এবং গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0