শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরায় এনসিপি (ন্যাশনাল কনসোশিয়াম অফ পলিটিক্স) জুলাই পদযাত্রা ও পথসভা উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ তারিখে বিকেল সাড়ে ৫টায় শহরের আল বারাকা শপিং সেন্টারের পিজ্জা মিলান হলরুমে এ সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। এতে এনসিপি সাতক্ষীরার প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু লিখিত বক্তব্য প্রদান করেন।
লিখিত বক্তব্যে কামরুজ্জামান বুলু জানান, আগামী শনিবার জুলাই গগণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা নাহিদ ইসলাম, আকতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন ও ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ সাতক্ষীরায় আসবেন। জুলাই পদযাত্রা উপলক্ষে তাদের আগমন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১৭টি বিষয়ে প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ জুলাই সকাল ৯টায় নেতৃবৃন্দ খুলনা থেকে সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন। সেখানে জেলার এনসিপি নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ সংক্ষিপ্ত পথ সভা শেষে সাতক্ষীরা শহরের খুলনার রোড মোড়ে উপস্থিত হবেন। বেলা ১১টায় শহীদ আসিফ চত্বরে প্রধান পথসভা অনুষ্ঠিত হবে। এ সময় জুলাইয়ে আহত ও নিহত শহীদ পরিবারের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাক্ষাৎ করবেন।
এছাড়াও, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, আরিফুল ইসলাম আদীব ও নাহিদা সারওয়ার নিভা সহ দেড় শতাধিক নেতৃবৃন্দও এই পদযাত্রায় উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে এনসিপি সাতক্ষীরার সদস্য সচিব আলহাজ্ব শেখ আহসান উল্লাহ, সদস্য খাদিজা খাতুন চায়না, এনসিপির সদর উপজেলার প্রার্থী পলাশ হোসেন উপস্থিত ছিলেন।
এই পদযাত্রা এবং পথসভা স্থানীয় জনগণের মধ্যে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের কার্যক্রম স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এছাড়া, নেতৃবৃন্দের সাথে শহীদ পরিবারের সাক্ষাৎ স্থানীয় জনগণের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এনসিপির এই পদক্ষেপ রাজনৈতিক জগতে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।