ইবির ভাড়াটে বাসের ধাক্কায় শিক্ষার্থীর বাবা নিহত, মানববন্ধন .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবির ভাড়াটে বাসের ধাক্কায় শিক্ষার্থীর বাবা নিহত, মানববন্ধন ..

A R Khalid avatar   
A R Khalid
ইবির ভাড়াটে বাসের ধাক্কায় শিক্ষার্থীর বাবা নিহত, মানববন্ধন ..
ইবির ভাড়াটে বাসের ধাক্কায় শিক্ষার্থীর বাবা নিহত, মানববন্ধন ..
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলের ভাড়াটে বাসের ধাক্কায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন এবং উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে পরিবহন ব্যবস্থার অনিয়ম দূরীকরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে ছয় দফা দাবি পেশ করেন তারা। পরে, একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর স্মারকলিপি দেয় তারা।

জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক বেলা ২টা ৩০ মিনিটে আইন বিভাগের শিক্ষার্থী লিখনের বাবা মানোয়ার হোসেন  ইবি পরিবহন পুলের ভাড়াটে বাসের ধাক্কায় নিহত হন। কুষ্টিয়া থেকে ফেরার পথে ১১ মাইলের চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এই ঘটনায় শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ত্রুটিপূর্ণ পরিবহন ব্যবস্থাকে দুর্ঘটনার জন্য দায়ী করেন।

মানববন্ধনে বিভিন্ন ধরনের দাবি সংবলিত প্লেকার্ড প্রদর্শন করে আন্দোলনকারীরা।
প্লেকার্ডে– 'নিরাপদ পরিবহন ব্যবস্থা চাই,' 'উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণ চাই,'নিরাপদ সড়ক চাই,' 'নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ সড়ক চাই', 'ফিটনেসহীন গাড়ি বন্ধ করতে হবে', 'We Want Justice,' 'Safe Road Safe Journey,' 'Save Student, Save Nation,' ইত্যাদি লেখা দেখা যায়।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে– সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী চালক ও সংশ্লিষ্টদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ক্যাম্পাস-সংলগ্ন মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সঙ্গে যৌথভাবে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা।

তারা আরও দাবি জানান– নিহতের পরিবারকে কমপক্ষে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ ও ভুক্তভোগী শিক্ষার্থীর শিক্ষাজীবনের দায়িত্ব প্রশাসনের গ্রহণ, শিক্ষার্থীদের অভিযোগ নিষ্পত্তিতে স্থায়ী মনিটরিং সেল গঠন এবং নিজস্ব বাসের সংখ্যা বৃদ্ধিসহ চালকদের লাইসেন্স ও ডোপ টেস্ট নিয়মিত যাচাইয়ের।

এছাড়াও গতিসীমা লঙ্ঘন বা উল্টোপথে গাড়ি চালানোর প্রমাণ মিললে ভাড়া বাসের চুক্তি বাতিল ও আইনগত ব্যবস্থাসহ মাঠ পর্যায়ে তদারকিরও দাবি জানান তারা।

স্মারকলিপি জমা দেওয়ার সময় আইন বিভাগের শিক্ষার্থীরা বলেন, লিখনের বাবাই তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘এ দুর্ঘটনার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে এবং দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator