মোঃ ইমরান মুন্সি
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই গ্রামে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ব্যবসা চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারির বাইরে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের তফসেরের খেয়াঘাটের পশ্চিম পাড় থেকে উত্তর দিকে বাকার খালের পাশে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির জন্য প্রায় ৫০টি চুল্লি স্থাপন করা হয়েছে। এসব চুল্লিতে কাঠ পোড়ানোর ফলে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম, রাসেল ও সাবেক ইউপি সদস্য ফারুকের সংশ্লিষ্টতায় সেখানে কয়লা তৈরির কার্যক্রম চলছে বলে অভিযোগ রয়েছে। তবে এ ব্যবসার পেছনে কারও প্রভাব বা পৃষ্ঠপোষকতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারণে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনি বেড়েছে কাঠ চুরির প্রবণতা। চুল্লিতে কাঠের চাহিদা থাকায় এলাকার ছোট ছোট শিশুরা অন্যের বাগান থেকে কাঠ কেটে এনে সেখানে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। এ কার্যক্রম নিয়ন্ত্রণ করা না হলে শিশুদের মধ্যে অপরাধপ্রবণতা আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
ঘটনাস্থলে গিয়ে ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে বক্তব্য জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, “আজকের দিন অপেক্ষা করেন, আগামীকাল বক্তব্য দেব।”
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।