সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ তাড়াশ থেকে মোটরসাইকেলে করে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন সিরাজগঞ্জ আদালতের উদ্দেশে রওনা হন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।