উপবৃত্তির জালে শিক্ষক টিপু: শিক্ষার্থীর টাকা শিক্ষকের পকেটে।..

RAJU HOSSAIN avatar   
RAJU HOSSAIN
রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের শিক্ষক মো. টিপু সুলতানের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ ও শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম ভেঙে শিক্ষার্থীদের অভিভাবকের পরিবর্তে নিজের ব্যাংক হিসাব তথ্য ব্যবহার করে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল জলিল কারিগরি কলেজের ল্যাব সহকারী মো. টিপু সুলতান উপবৃত্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে অনেক শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিকাংশ শিক্ষার্থীর মোবাইলে উপবৃত্তির কোনো টাকা আসেনি।

 

সরকারি নীতিমালা অনুযায়ী, উপবৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীর অভিভাবকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) অ্যাকাউন্টে যাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, শিক্ষক টিপু সুলতান চতুরতার আশ্রয় নিয়ে অনেক শিক্ষার্থীর ফরমে নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বর জুড়ে দিয়েছেন। ফলে উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের কাছে না গিয়ে সরাসরি ওই শিক্ষকের পকেটে যাচ্ছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, "স্যার আমাদের বলেছিলেন টাকা দিলে উপবৃত্তি নিশ্চিত আসবে। কিন্তু টাকা দেওয়ার পরও আমরা কিছু পাইনি। পরে জানতে পারি তিনি আমাদের তথ্যের জায়গায় নিজের নাম্বার ব্যবহার করেছেন।"

 

এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. টিপু সুলতানের সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে এই টাকা কেন নেওয়া হয়েছে বা কেন তিনি নিজের ব্যাংক তথ্য ব্যবহার করেছেন, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

 

এ বিষয়ে কলেজের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত এই দুর্নীতির তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Nenhum comentário encontrado


News Card Generator