বরগুনা প্রতিনিধি | দৈনিক শেষ কথা
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বরগুনা জেলার শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার। একইসঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখছে বরগুনা জেলা প্রশাসন।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসক বরগুনা জেলা স্কুল ও বরগুনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন। এসময় তিনি পরীক্ষার হল ঘুরে দেখেন, পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা, শীতজনিত প্রস্তুতি ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা বজায় রেখে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। একই দিনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস আমতলী উপজেলায় বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে চলমান তীব্র শৈত্যপ্রবাহ ও সূর্যের অনুপস্থিতিতে বরগুনা জেলায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। জরুরি কাজে বের হওয়া মানুষদেরও কাঁপতে কাঁপতে চলাচল করতে হচ্ছে।
এই পরিস্থিতিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে প্রশাসনের একটি দল বরইতলা ফেরিঘাট এলাকায় পৌঁছে খেয়া পারাপার করে মাঝি, স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করে। পরে বরগুনা শহরমুখী সড়কের বিভিন্ন এলাকায় দ্বারে দ্বারে গিয়ে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সন্ধ্যার দিকে বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়। এদিন মোট প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন,
“শীতের এই দুর্যোগপূর্ণ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অগ্রাধিকার। শীতের তীব্রতা অব্যাহত থাকলে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”
চলমান শৈত্যপ্রবাহে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিনই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বড়ইতলা ফেরিঘাট, আশ্রয়ণ প্রকল্প এলাকা ও নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, এনডিসি NDC মো: সাইফুল ইসলাম সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।
কম্বল বিতরণ কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
শীতার্ত এক বৃদ্ধ বলেন,
“এই কনকনে শীতে কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। জেলা প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে—এটাই সবচেয়ে বড় স্বস্তি।”
সচেতন মহলের মতে, একদিকে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের সরাসরি তদারকি এবং অন্যদিকে মানবিক দায়িত্ব থেকে শীতার্তদের পাশে দাঁড়ানো—এই দ্বিমুখী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
বরগুনা জেলা প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা জেলার সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।