মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকাল ৩টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারিগাঁও বিওপি’র একটি টহল দল হরিপুর উপজেলার সীমান্তবর্তী কারিগাঁও এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৩৫৪/৭-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন রাত ৯টা ১৫ মিনিটে অপর একটি অভিযানে নামে ফকিরগঞ্জ বিওপি’র টহল দল। পীরগঞ্জ উপজেলার উপদইল গ্রাম এলাকায় (সীমান্ত পিলার ৩৪১/৬-এস থেকে ১.৫ কিমি ভেতরে) তল্লাশি চালিয়ে ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানিয়েছে, দুই অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজার মূল্য ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।