সীতাকু‌ণ্ডে প্রকাশ‌্য দিবা‌লো‌কে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
সীতাকু‌ণ্ডে প্রকাশ‌্য দিবা‌লো‌কে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
সীতাকু‌ণ্ডে প্রকাশ‌্য দিবা‌লো‌কে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
 
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দিনদুপুরে এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড বাজার-সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশানের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সন্ধ্যা রানী শর্মা (৫৮) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত উমেশ শর্মার মেয়ে। আহত সন্ধ্যা রানী শর্মা জানান, তিনি ফেনীতে শ্বশুরবাড়ি থেকে গত বুধবার বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে মহাশ্মশান-সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই দুর্বৃত্ত তার গতিরোধ করে।
তার অভিযোগ, ছিনতাইকারীরা মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা সোনার দুল, নাকফুল, ব্যাগে থাকা প্রায় ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তারা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তির নাম সামির ও রাজু। স্থানীয়দের অভিযোগ, তারা প্রায়ই ওই এলাকায় অবস্থান নিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে। মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ভুক্তভোগীর মাধ্যমে ঘটনাটি জানা গেছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও মহাসড়কে আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন।
没有找到评论


News Card Generator