শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু
শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ চারণ কবি, সাহিত্যিক, লেখক,অবসরপ্রাপ্ত শিক্ষক চারু চন্দ্র মন্ডল মারা গেছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারী ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তারা পান্ডিত্য শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিলনা। একাধারে তিনি কবি গান করতেন, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কলাম লেখা,সাহিত্যপাতায় লিখতেন। তিনি নকিপুর জমিদার বাড়ীর ইতিহাস,সুন্দরবনের ইতিহাস, শ্যামনগরের নামকরণ ইতিহাস, প্রত্নতত্ব বিষয় সহ অন্যান্য বিষয়ে বই লিখেছেন। তিনি বাংলা একাডেমির সদস্য ছিলেন। ২০০১ সালে মানিকগঞ্জ থেকে পান চারণ কবির সম্মাননা।মুখে মুখে গান তৈরী করতেন।শতবর্ষী ক্যালেন্ডার তৈরী করেছিলেন।জানা যায় একবার একটি স্কুলের শিক্ষাথীদের বিদায় বাণী লিখেছিলেন সব গুলি ‘ব’ দিয়ে। শিরোনাম দিয়েছিলেন ‘ব’ এর বাহাদুরী।
লেখক ও শিক্ষক দেবপ্রসাদ বিসমিল জানান, ১৯৫০ সালে শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামে তার জন্ম হয়েছিল। নয় ভাই বোনের মধ্যে তিনি সপ্তম হয়েও ছিলেন জ্ঞানের এক সমুদ্র। পাতাখালী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষে ১৯৬৭ সালে যশোর থেকে আই.ইন.এড ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে কয়রার মহেশ্বরীপুর হাইস্কুলে তাঁর শিক্ষকতা জীবনের শুরু। এরপর ১৯৭৫ সালে বি.এ. ইন এডুকেশন শেষ করে যোগ দেন শ্যামনগরের নওয়াবেঁকী হাইস্কুলে। অবশেষে ১৯৭৯ সালের ২২শে নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষক হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৪ সালের ২৭শে জুলাই প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। এখান থেকে তিনি অবসরে যান।
তার মৃত্যুতে তার ছাত্র শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা শোক প্রকাশ করেছেন।
ছবি- প্রয়াত চারণ কবি চারু মন্ডল।



















