মো: মনজুর আলম (মঞ্জু)
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি:
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় জমি সংক্রান্ত বিরোধ ও বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নুরুল কবির (৪০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকার মৃত আমির আলীর ছেলে (নিহত) নুরুল কবির (৪০) তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
উক্ত ঘটনায় আহত হয়েছেন এক মহিলাসহ আরো চার জন। আহতরা হলেন, নিহতের ভাই জানে আলম (৩০), মো. আলম (২৫), মো. আবছার (৩৫) এবং মা মমতাজ বেগম (৫৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল এলাকার আব্দুল মজিদ ও তার ছেলেরা নুরুল কবিরদের বাড়ির পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করছিলেন। এতে বাধা হয়ে দাঁড়ায় নুরুল কবিরদের ব্যবহৃত টয়লেট। এ নিয়ে আগে থেকেই দুই পক্ষের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে নুরুল কবির গত ৩১ আগস্ট থানায় লিখিত অভিযোগ করেছিলেন।
গতকাল শনিবার বিকেলে একই জায়গায় আবারও বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে নুরুল কবিরকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে গেলে মা ও ভাইদেরও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক নুরুল কবিরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। (চমেক) হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৮ ঘন্টা পর নুরুল কবির মৃত্যুবরণ করে।
নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম বলেন, আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণের চেষ্টা করছিলেন। নির্মাণ কাজে বাধা দিলে মজিদ ও তার ছেলেরা আমাদের উপর হামলা করেন। এক পর্যায়ে তারা দা দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করলে! রাতেই আমার ছেলে নুরুল কবির মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আবদুল মজিদের ছেলে শহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত মোবাইল নাম্বার (০১৮১৩-৬৯৫৯০৫) একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে, সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে নুরুল কবির নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।