গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ
১১৩, পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ার সম্ভাবনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মতামত জানিয়ে বলছেন—নবনির্বাচিত সংসদ সদস্য গনঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসুর ভিপি জনাব নুরুল হক নুর পূর্ণাঙ্গ মন্ত্রী হলে গলাচিপা ও দশমিনার উন্নয়নে নতুন গতি আসবে।
সম্প্রতি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব গোলাম মোস্তফা তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ সংক্রান্ত একাধিক মন্তব্য তুলে ধরেন। তিনি লেখেন, “সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন। নুরুল হক নুর গলাচিপা–দশমিনার জন্য আশীর্বাদ স্বরূপ।” পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কেন্দ্রীয় সিদ্ধান্ত এলে গলাচিপা ও দশমিনা ইনশাআল্লাহ মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।
এদিকে নবনির্বাচিত এমপি নুরুল হক নুর এক প্রতিক্রিয়ায় জানান, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও পর্যটন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, পর্যটন নগরী কুয়াকাটাকে ঘিরে একটি বিমানবন্দর স্থাপনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটন শিল্পে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি পটুয়াখালী-৩ আসনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে, তবে তা দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নয়নকেন্দ্রিক সিদ্ধান্ত নিলে এলাকাবাসী কৃতজ্ঞ থাকবে—এমন মন্তব্যও সামাজিক মাধ্যমে উঠে এসেছে।
স্থানীয়দের মতে, নদীভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণের পাশাপাশি পর্যটনভিত্তিক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সব মিলিয়ে গলাচিপা–দশমিনায় প্রত্যাশা ও আশাবাদের আবহ বিরাজ করছে।



















