হাসান রাজীব প্রধান বলেছেন, নির্বাচনে জয়ী হওয়ার পর পরাজিত প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই একজন বিজয়ীর প্রথম দায়িত্ব। তিনি স্পষ্টভাবে জানান, তার এলাকায় কারও প্রতি সামান্যতম অন্যায়ও বরদাশত করা হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হাসান রাজীব প্রধান।
তিনি বলেন, “আমি রাজনীতি করতে এসেছি মানুষের সেবা করার জন্য, ব্যক্তিগত লাভের জন্য নয়। যারা এই মানসিকতা ধারণ করেন, তারা আমার সঙ্গে থাকবেন। আর যারা রাজনীতিকে ধান্দাবাজির মাধ্যম মনে করেন, তারা আমার কাছ থেকে দূরে থাকাই ভালো।”
নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, “এ বিজয় কোনো একক ব্যক্তির নয়, এটি সবার সম্মিলিত অর্জন। সবার আগে দেশ ও দলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ব্যক্তিগত স্বার্থে যেন দল ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ। কেউ যদি রাজনীতিকে ব্যবসা-বাণিজ্যের মাধ্যম হিসেবে নিতে চান, তবে অন্য পথ বেছে নেওয়াই উত্তম। তার কাছে অন্যায়ভাবে কোনো সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, পাটগ্রাম-হাতীবান্ধা আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে হাসান রাজীব প্রধান ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
পরাজিতদের নিরাপত্তা নিশ্চিত করাই বিজয়ীর প্রথম দায়িত্ব : ব্যারিস্টার হাসান রাজীব..
কোন মন্তব্য পাওয়া যায়নি



















