লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক রানা ইসলাম (২১)। তিনি বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়-এ শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে রানা ইসলাম বিদ্যালয় চত্বরে প্রবেশ করেন। এ সময় তিনি এক ছাত্রীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তারা পুলিশ ও ইউএনওকে অবহিত করেন।
খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনায় পাটগ্রাম থানার উপপরিদর্শক রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।
ইউএনও তানভীর হোসেন বলেন, ছাত্রীকে হয়রানির অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করে অপরাধের সত্যতা নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
No se encontraron comentarios



















