অসহায়দের পাশে মানবিক উদ্যোগ: নাগরপুরে ফ্রি চিকিৎসা ও বৃত্তি প্রদান..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
অসহায়দের পাশে মানবিক উদ্যোগ: নাগরপুরে ফ্রি চিকিৎসা ও বৃত্তি প্রদান

 

সিপন'রানা(নাগরপুর)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গয়হাটা উদয় তারা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশু, নারী ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আগত রোগীরা বিনামূল্যে টিকিট সংগ্রহ করে বিশেষজ্ঞ এমবিবিএস ও ডেন্টাল চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন। ব্যবস্থাপত্র অনুযায়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অসহায় মানুষদের দোরগোড়ায় এমন সেবা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে তারা উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. কায়ছার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম চান মিয়া, অধ্যাপক ডা. কৃষ্ণ গোপাল সেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ বাছেদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানসহ গয়হাটা ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।

পরে গয়হাটা উদয় তারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এলাকার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও সাধারণ জনগণ। তারা আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা অনেকাংশে লাঘব হবে।

Walang nakitang komento


News Card Generator