দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবছর নেওয়া পুনঃভর্তি ফি অবশেষে বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ আইন ও অধিকার এইডের নির্বাহী পরিচালক আলী আসগর ইমন। এক বার্তায় তিনি বলেন, এখন থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক পুনঃভর্তি ফি আদায় করতে পারবে না।
তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে আসছিল এ পুনঃভর্তি ফি। বিশেষ করে বেসরকারি স্কুল-কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষের শুরুতে ভর্তি ফি ছাড়াও পুনঃভর্তি ফি নেওয়ার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অভিভাবকদের অসন্তোষ দেখা দেয়।
আলী আসগর ইমন বলেন, শিক্ষা মৌলিক অধিকার। সেখানে অযৌক্তিক ফি চাপিয়ে শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করা সংবিধানের চেতনার পরিপন্থী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে তিনি সময়োপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করে পুনঃভর্তি ফি আদায় করলে তা আইনগতভাবে চ্যালেঞ্জ করা হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, সিদ্ধান্তটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সাধারণ ও নিম্নআয়ের পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি আসবে। তবে মাঠপর্যায়ে তদারকি জোরদার না হলে কিছু প্রতিষ্ঠান গোপনে ভিন্ন নামে ফি আদায়ের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিকে, অভিভাবকরা পুনঃভর্তি ফি বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত লিখিত প্রজ্ঞাপন জারি ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।



















