ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মশা ও মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা মানিক মিয়া। তার ওই পোস্ট ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় মানিক মিয়া লিখেছেন, মশা ও মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন ভালুকাবাসী। দিন-রাত সমানভাবে মশার আক্রমণে অতিষ্ঠ মানুষজন। সন্ধ্যার পর ঘরে-বাইরে বসা দায় হয়ে পড়েছে। একই সঙ্গে বাজার, হাট ও আবাসিক এলাকাগুলোতে মাছির উপদ্রবও আশঙ্কাজনক হারে বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ফগিং কার্যক্রম না থাকায় এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে মশার প্রজনন বেড়েছে। বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নালার আবর্জনা পরিষ্কার না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। মশাবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানিক মিয়া তার পোস্টে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নিয়মিত মশক নিধন অভিযান, ড্রেন পরিষ্কার এবং বর্জ্য অপসারণে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।



















