ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মহিষের মাংস উদ্ধার এবং একটি ব্যাটারি চালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এজাহার ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে মনপুরা থানার একটি টহল দল হাজিরহাট ইউনিয়নের আল ইকরা মডেল মাদ্রাসার সামনে পাকা সড়কে দায়িত্ব পালনকালে একটি তিন চাকা বিশিষ্ট অটোগাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেয়। এ সময় অটোগাড়িতে থাকা দুই ব্যক্তি কৌশলে পাশের খালে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে অটোগাড়িতে থাকা একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন মোঃ বাগন আলী (৪১), পিতা- মৃত শাহজাহান রাড়ী, সাং- দক্ষিণ সাকুচিয়া, মনপুরা। পুলিশের উপস্থিতিতে অটোগাড়িটি তল্লাশি চালিয়ে চারটি বস্তায় রাখা মোট ৮০ কেজি ২০০ গ্রাম মহিষের মাংস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাংসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার টাকা। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোগাড়িটি জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পালিয়ে যাওয়া সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া এ ঘটনায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাংস থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান,
চোরাই মাংস উদ্ধার ও অটোগাড়ি জব্দের ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মনপুরা থানায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















