তীব্র বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চার দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে ২২ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে ২৩ এপ্রিল নির্ধারিত ভর্তি কার্যক্রম চালু থাকবে এবং ২৬ এপ্রিল থেকে যথানিয়মে কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় গ্রিড ও নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, নার্সিং কলেজ ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক প্রতিষ্ঠান পরিচালিত হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তীব্র লোডশেডিংয়ের কারণে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চিকিৎসাসেবা সচল রাখতে হাসপাতালের কার্যক্রম চালু রাখা হলেও বিদ্যুৎ সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি আবাসিক ছাত্র-ছাত্রী হলও বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে তাঁতশিল্প সমৃদ্ধ এ অঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন চরম ভোগান্তির মধ্যে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।