আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে। এ ধারাবাহিকতায় ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমানের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রথম জনসভা আজ বৃহস্পতিবার কুতুবদিয়ার বড়ঘোপ সমুদ্র সৈকত সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হবে এ জনসভা।
এই জনসভাকে কেন্দ্র করে পুরো কুতুবদিয়া উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর নির্বাচনী আমেজ। গ্রাম থেকে গ্রামান্তরে পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চলছে জোরেশোরে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া কক্সবাজার-২ আসনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও বক্তব্য রাখবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
জনসভা সফল করতে কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সভাস্থল সাজসজ্জা, মাইকিং ব্যবস্থা, স্বেচ্ছাসেবক দল গঠন, শৃঙ্খলা রক্ষা এবং আগত জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে আলাদা আলাদা টিম কাজ করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী বলেন, “জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দ্বীপের প্রত্যন্ত এলাকা থেকেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা আশা করছি, ৫০ হাজারের বেশি মানুষের উপস্থিতি হবে।”
তিনি আরও জানান, জনসভা থেকে কুতুবদিয়া ও মহেশখালীর উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে জোট প্রার্থীর অঙ্গীকার তুলে ধরা হবে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হবে।
এ সময় নির্বাচনী প্রচার বিভাগের আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকবর খানসহ উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা জানান, এই জনসভা কক্সবাজার-২ আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে এবং মাঠপর্যায়ে সমর্থন আরও সুসংহত হবে।



















